টাঙ্গাইলের ঘাটাইলে প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরির ঢেউটিন এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে গৃহ পুনর্নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
বিতরণকালে ইউএনও মাহমাদুল হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, তালিকাভুক্ত প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা নিশ্চিত করা হয়েছে।
জেএইচআর