নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১৮ এএম

আর্ত মানবতার সেবায় নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে আলহুদা শিক্ষা পরিবারের চেয়ারম্যান আহমাদ বিন আব্দুল খালেকের সার্বিক তত্ত্বাবধানে নেত্র আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

হযরত মাওলানা আজিম উদ্দিনের সভাপতিত্বে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং কলমাকান্দা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ তালুকদার, জালাল তালুকদার প্রমুখ। এ সময় কলমাকান্দা উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজক আলহুদা শিক্ষা পরিবারের চেয়ারম্যান আহমাদ বিন আব্দুল খালেক বলেন, আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৩নং পোগলা ইউনিয়নের অবহেলিত হাওর ও প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। নেত্র চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় তিন শতাধিক রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এএন