সিরাজগঞ্জে হাইওয়েতে ছিনতাই হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চালবাহী একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ বস্তা চাল ও ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- লিটন সরকার (৪০) ও তাঁর কর্মচারী সুমন সরকার (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ে দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে।
পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারের হাত-পা বেঁধে মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।
শিমলা থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। পুলিশ ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে।
পরবর্তীতে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গোডাউনে তল্লাশি চালিয়ে মোট ৫৭০ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা এবং স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে বাকি চাল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে ট্রাক ও অধিকাংশ চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চক্রের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচআর