রবীন্দ্রনাথের নামকরণ করা ‘উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে’ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:০৯ পিএম

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়’-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ও প্রয়োজনীয় কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নামকরণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সভায় উপস্থিত শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৪০ সালের প্রথম ব্যাচ থেকে শুরু করে ২০২৬ সালের সদ্য বিদায়ী ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় ৮৫ সদস্যের একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট এম. মু. নাসির উদ্দিন কবিরকে উপদেষ্টা, আব্দুল হাই পলাশকে আহ্বায়ক এবং মো. শামীম তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাজের সুবিধার্থে বিভিন্ন উপকমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও বিদ্যালয়ে সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। পুনর্মিলনীর পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১ মে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জেএইচআর