রুয়েট উপাচার্যের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:০৪ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার দুপুরে উপাচার্যের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলাপকালে উপাচার্য রুয়েটের বর্তমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে সহকারী হাইকমিশনারকে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যে প্রকৌশল শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

জবাবে মনোজ কুমার বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং ভারতের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র (আইআইটি) গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য ভারতের সহকারী হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সহকারী হাইকমিশনার মন্তব্য করেন যে, বর্তমান সময়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিনসহ আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর