রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। দীর্ঘ প্রায় দুই বছর পলাতক থাকার পর বুধবার তাঁকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. হাবিবুর রহমান রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের আগস্ট মাসে পাভেলসহ অভিযুক্তরা তাঁর কাছে দুর্নীতির অভিযোগ ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রাণনাশের ভয়ে তিনি সে সময় আসামিদের ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আদালত চত্বরে এবং আদালত কক্ষের ভেতরেও কয়েক দফায় তাঁর কাছে টাকা দাবি ও অপহরণের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর পেশকার হাবিবুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালুসহ (৩৫) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ পাভেল ও লালুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর থেকেই আসামি পাভেল আত্মগোপনে ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত পাভেলকে ইতিমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএইচআর