মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি) প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৫ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সামগ্রী তুলে দেন। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বয়ে যাওয়া প্রবল ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক পরিবারকে ১ বান করে ঢেউটিন প্রদান করা হয়েছে।

বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে। দুর্যোগের এই মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জেএইচআর