ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:০২ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আল-মদিনা একাডেমির সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন জানান, গত ২৬ এপ্রিল (রবিবার) সকালে শ্রেণিকক্ষের ডাস্টবিন ভাঙা ও নিখোঁজ দেখতে পান। এর পরদিন সোমবার সকালে এসে দেখা যায়, দুর্বৃত্তরা শ্রেণিকক্ষের টেবিল-বেঞ্চ ভাঙচুর করে ভেতরে ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রেখে গেছে। এই ঘটনার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা জানান, পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের শিক্ষার লক্ষ্যে ১৩ বছর আগে প্রতিষ্ঠিত এই একাডেমিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এমনকি শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার পথে কুরুচিপূর্ণ মন্তব্য ও হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি শরিফ মজুমদার বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার চার দিন পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

জেএইচআর