ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। গত ২৮ এপ্রিল শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই মেলাটি চলে।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে একাধিক আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। এতে ছাদ বাগান (রুফটপ গার্ডেনিং), পুকুর পাড়ের কৃষি এবং বিভিন্ন প্রজাতির ফুল ও ফসল উৎপাদন পদ্ধতি প্রদর্শন করা হয়। এ ছাড়াও পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতিও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
কৃষির ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরতে মেলায় হারিয়ে যেতে বসা বিভিন্ন দেশীয় ফসলের নমুনা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। মেলায় অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, এ ধরনের আয়োজন স্থানীয় কৃষকদের নতুন প্রযুক্তিতে উদ্বুদ্ধ করবে। এটি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাপ্রকাশ করেন।
জেএইচআর