মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ঘিওর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও মটর চালক দলের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে ঘিওর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান হক, সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান প্রমুখ।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ কামাল আরিফের সঞ্চালনায় সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই কর্মসূচিতে উপজেলা শ্রমিক দল, মটর চালক দল এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জেএইচআর