বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের বড় অংশই ছিলেন শ্রমজীবী মানুষ। তাই বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন মাস সেখানে সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
এম জি