জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা। জনগণের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ সরকার করবে না। সরকারের মূল কাজই হলো জনকল্যাণ নিশ্চিত করা। তাই সরকার চায় দেশের মানুষ সবসময় শান্তিতে থাকুক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন শুক্রবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে। দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে আর কোনো বিদ্যুৎ সংকট থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মধুপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ এবং উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার ও পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা।
পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এই সভায় শ্রমিক নেতারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন। সভা শেষে সন্ধ্যায় শ্রমিক দলের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেএইচআর