চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা সড়কের রমজান মুন্সীর বাড়ির সামনে থেকে ঝিয়ার পাড়া সড়কের সংযোগ পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের ইটের সলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত।
স্থানীয়রা জানান, প্রতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়, ফলে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবারের বসবাস এই এলাকায়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “এই রাস্তাটি দিয়ে চলাচল করা এখন খুবই কষ্টকর হয়ে গেছে। বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়, কোথায় গর্ত আর কোথায় রাস্তা বোঝা যায় না। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রেখা দাশ বলেন, “সড়কটির দুরবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন সড়কটি আরসিসি বা বিটুমিন পিচ দিয়ে নির্মাণ করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে টেকসইভাবে আরসিসি বা বিটুমিন পিচ দিয়ে নির্মাণ করা হোক।
এএন