চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে। এই নিয়ে চুয়াডাঙ্গায় হামের উপসর্গে মোট দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় আমির হামজা। তাকে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে আরও ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, নিয়মিত চিকিৎসায় ইতোমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জেএইচআর