রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প)।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরকত সরদার পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা উপজেলার লিটন (২৭) এবং তাঁর স্ত্রী মরিয়ম বেগম (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে র্যাব এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর