লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের চুরি হওয়া প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ১৫টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এবং এই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ, ১টি টেলিভিশন, ৪টি ফ্যান, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ও ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগটি আমলে নিয়ে দ্রুত অভিযানে নামে। রাতভর অভিযান চালিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত মালামাল উদ্ধার করা হয়। এ সময় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কেতকীবাড়ি এলাকার শাহ আলম (২০), আজিজুল ইসলাম বাবু (২৫), মো. সৌরভ (২০) ও জিয়া (১৯)। তবে অভিযোগ উঠেছে, এই চুরির নেপথ্যে মূল ভূমিকা পালন করেছেন প্রধান শিক্ষকের ভাতিজা লামিয়া, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, গত তিন মাস ধরে নৈশপ্রহরী না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটেছে। ভাতিজার সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, “আমি যেহেতু দেখিনি, তাই নিশ্চিত করে বলতে পারছি না। তবে যদি সে জড়িত থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশি তৎপরতায় চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর