কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর হাওরের রোয়া বিলে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে আরিফুল ইসলাম (২০) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে হাওর থেকে ধান নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দপুর গ্রামের জসিমের সঙ্গে একই নৌকায় করে ধান বহন করছিলেন আরিফুল। পথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে জসিম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরিফুল পানিতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ডুবুরির সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চান্দপুর গ্রামের ফরিদুল মাস্টার জানান, প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। তরুণ এই শ্রমিকের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেএইচআর