শ্রীপুরে খাল পুনঃখনন, কৃষি ও জনজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:৫৫ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে পারুলিয়া ও বিন্দাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর ও রাজেন্দ্রপুর এলাকায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইউজিপিপি কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন পলি জমে খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় এই এলাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমি প্লাবিত হওয়া এবং যাতায়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার খাল ও নদী পুনঃখননে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রীপুরের এই দুটি খাল খনন শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উজ্জ্বল জানান, পারুলিয়া খালের ৩.৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে, বিন্দাই খালের ২.৪০ কিলোমিটার অংশের জন্য ব্যয় হবে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া তদারকি করা হবে এবং কাজের মান নিশ্চিত করা হবে। পলি অপসারণের পাশাপাশি তীর সংরক্ষণ ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএ-এর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা করছেন, এই প্রকল্পের ফলে বহুদিনের পুঞ্জীভূত সমস্যা থেকে তাঁরা মুক্তি পাবেন।

জেএইচআর