রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৪৮ পিএম

গণভোটের রায় অমান্য করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকেলে শহরের আজাদী ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ হারুন এবং পৌর আমির ডা. মো. হাফিজুর রহমান।

এছাড়া খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু তাহের, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব ও মো. আব্দুল্লাহ এবং যুব মজলিসের জেলা সেক্রেটারি আল-আমীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার কমিশনের শপথ নেওয়ার কথা থাকলেও সরকার তা করেনি। জাতীয় সংসদ নির্বাচনে ৫১ শতাংশ মানুষের সমর্থন পেলেও সরকার গণভোটের ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করছে। 

বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করে বর্তমান সরকারও ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে এর সমাধান করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্যাস, জ্বালানি তেল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর ও রেলগেট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

জেএইচআর