মাগুরা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:২০ পিএম

মাগুরা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষ (২০২৫-২০২৬ সেশন) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

রোববার কলেজের লেকচার হল-০২ এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান বলেন, “চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানুষের সেবার এক মহৎ দায়িত্ব। নতুন শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেকে প্রস্তুত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনের পাশাপাশি দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান বলেন, “মাগুরা মেডিকেল কলেজ থেকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক তৈরি করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজের একাডেমিক কার্যক্রম, নিয়মাবলি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের নতুন শিক্ষাজীবনের শুরুতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এএন