চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:২০ পিএম

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। 

রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখভাগ থেকে এই কার্যক্রম শুরু হয়। 

পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অভিযান চলাকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা এবং ওয়ারলেস সবজি ও মাছ বাজারের বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস জানান, জায়গাটি সড়ক বিভাগের হলেও বহু বছর ধরে চাঁদপুর পৌরসভা এই বাজার ইজারা দিয়ে আসছে। ইজারাদার নিয়মিত খাজনা আদায় করলেও সড়কের জায়গায় স্থাপনা হওয়ায় আজ তা উচ্ছেদ করা হলো। এর আগে সড়ক বিভাগ থেকে ব্যবসায়ীদের নোটিশ প্রদানের পাশাপাশি স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছিল।

সড়ক ও জনপথ অধিদপ্তর, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। সপ্তাহব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা সদর থেকে লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশে থাকা ২৭০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

অভিযানে নেতৃত্বদানকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের পাশে কিছু নিয়মিত বাজার রয়েছে যা ইজারা দেওয়া হয়। সেখানে কৃষকরা পণ্য বিক্রি করলেও কিছু স্থায়ী ব্যবসায়ী অবৈধভাবে দোকান বসিয়ে জায়গা দখল করে রেখেছিল। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।

জেএইচআর