জন্মের মাত্র ২১ দিনের মাথায় মা অন্যত্র চলে যান, আর দুই বছর পূর্ণ হতেই জনতার পিটুনিতে প্রাণ হারালেন বাবা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের ২৫ মাস বয়সী শিশু মুসলিমা ইসলামের জীবন এখন পুরোপুরি এতিম ও অনিশ্চিত। বৃদ্ধ দাদা-দাদীর আশ্রয়ে থাকা শিশুটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
শনিবার বিকেলে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নার মাঝে কিছু না বুঝেই দাদীর কোলে খেলা করছে মুসলিমা।
পরিবারের সদস্যরা জানান, মা আরিফা বেগম ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পর থেকে দাদা শাহিদ শেখ ও দাদী নার্গিস বেগমই তাকে লালন-পালন করছিলেন।
নিহতের বাবা শাহিদ শেখ আক্ষেপ করে বলেন, ছেলে কোনো অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন এই এতিম বাচ্চাটার কী হবে? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।
ঘটনা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নগরকান্দার বিলনালিয়া এলাকায় একটি ট্রাক ২০ জনকে চাপা দিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তা অবরোধ করে চালক হান্নান শেখকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের দুই সহকারীও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, পুলিশ মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মা-বাবাহীন ছোট্ট মুসলিমার দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য বৃদ্ধ দাদা-দাদীর নেই বললেই চলে। তাই শিশুটির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি ও সামাজিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জেএইচআর