পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শরমিলি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর বোর্ডের একটি ভিজিলেন্স টিম ওই কেন্দ্র পরিদর্শনে আসে।
পরিদর্শনকালে অভিযুক্ত শিক্ষার্থী অন্য এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজের খাতায় লেখার চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়ে। এ সময় ভিজিলেন্স টিমের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব জি. এম রুহুল আমীন বলেন, চলমান এসএসসি পরীক্ষার নীতিমালা অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেএইচআর