মুরাদনগরে বসতবাড়িতে গাঁজা চাষ, ৪টি গাছসহ যুবক আটক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪১ পিএম

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৪টি গাঁজার গাছসহ মহিউদ্দিন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেটংঘর দক্ষিণ পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক মহিউদ্দিন ওই গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশের ঝোপের আড়ালে গোপনে ৪টি গাঁজার গাছ রোপণ করেছিলেন। গাছগুলোর মধ্যে দুটির উচ্চতা ৩ ফুট এবং অন্য দুটির উচ্চতা আনুমানিক ২ ফুট। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ও রিয়াজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, আটককৃত মহিউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। অপরাধ দমনে তিনি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

জেএইচআর