আদমদীঘিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৫১ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহমুদুন নবী, ডা. বিলাস কুমার সাহা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, ইউনিসেফ, গাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সরকার দেশব্যাপী এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। আদমদীঘি উপজেলায় গত ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১৯ হাজার শিশুকে ১ ডোজ করে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আদমদীঘিতে এখন পর্যন্ত কোনো শিশু হাম বা রুবেলায় আক্রান্ত হয়নি। তবে আগাম সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই টিকার আওতায় আনতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

জেএইচআর