খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
মাটিরাঙ্গা পৌরসভার সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিনও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল প্রবল কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়ে। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল ও সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আমরা দ্রুততম সময়ে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।"
দুর্যোগের এই সময়ে তাৎক্ষণিক সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জেএইচআর