টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও সহকারী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:২৪ এএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ভোরে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর এলাকার পিকআপ চালক শাকিল (২২), তিনি মুরাদ আলীর ছেলে এবং একই এলাকার লাবলু পালের ছেলে হেলপার পাপন কুমার পাল (২৬)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরবেলায় যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক শাকিল ও সহকারী পাপনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুজনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

জেএইচআর