বস্তিতে মিলল রহস্যময় সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:০৮ পিএম

টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সুড়ঙ্গপথযুক্ত একটি শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩১ জন মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার।

সোমবার বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে রোববার রাতে বস্তিটিতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি বিশেষ কক্ষের সন্ধান পাওয়া যায়, যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল এবং মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া গেছে। কক্ষটির সঙ্গে একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ যুক্ত রয়েছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গোপনে মাদক সেবনের জন্যই এই ব্যবস্থাটি ব্যবহার করা হতো।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গী এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

এএন