টাঙ্গাইলের মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে গেছে দুই যুবক। রোববার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই যুবক নিজেদের চীনা নাগরিক দাবি করে ওই গ্রামের একটি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু তাদের আচার-আচরণ এবং কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। একপর্যায়ে গ্রামবাসী তাদের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে এবং আইডি কার্ড বা প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাইলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই দুই যুবক দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, এটি একটি সুসংগঠিত প্রতারক চক্রের কাজ। স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন জানান, ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিদেশি সেজে তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি প্রবণতা দেখা যাচ্ছে। মূলত বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই এসব চক্রের মূল লক্ষ্য। এমন পরিস্থিতিতে এলাকার অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তিনি আরও বলেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি। সামাজিক সজাগতা থাকলে এ ধরনের প্রতারণা রোধ করা সম্ভব।
জেএইচআর