বাউবি কর্মকর্তা রশিদুল গনির বিদায় সংবর্ধনা প্রদান

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:২১ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের যুগ্ম-পরিচালক মো. রশিদুল গনির অবসর উপলক্ষে আজ বিকাল ৩:০০টায় উপাচার্যের দপ্তরের কনফারেন্স লাউঞ্জে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তাঁর শেষ কর্মদিবস আগামীকাল ৫ মে ২০২৬।

সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রশিদুল গনি একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসা ও সম্মান তাঁর কর্মজীবনের বড় অর্জন বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

বিদায়ী বক্তব্যে রশিদুল গনি আবেগাপ্লুত হয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার দোয়া কামনা করেন। পরে উপাচার্য তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আবেগে পরিপূর্ণ এক স্মরণীয় বিদায় মুহূর্তে পরিণত হয়।

এএন