কাউনিয়ায় গাঁজাসহ আটক ২, অটোরিকশা জব্দ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:১৫ পিএম

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পীরমামুদ (বসুনিয়াপাড়া) এলাকার শ্রী শশীকান্ত রায় (৪৭) এবং তালুক আশারু, চাকিরপসার এলাকার বাবু রবিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মে কাউনিয়া থানার জিডি নং-১৭২-এর ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুই ব্যক্তি গাঁজা নিয়ে কাউনিয়ার দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা মৌজায় রংপুর-লালমনিরহাট/কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন অটোরিকশাটি এলে থামার সংকেত দিলে চালক ও যাত্রী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ঘটনাস্থলেই আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি করে যাত্রীর আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো লাল পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা (আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা) এবং শশীকান্ত রায়ের কাছ থেকে একটি ব্যবহৃত সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই মামলা রুজু করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে কাউনিয়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।

এম জি