বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বগুড়া সদর এলএসডি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা। তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না, এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
বগুড়া জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মো. আব্দুল ওয়াজেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বোরো মৌসুমে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর খাদ্য গুদাম ইনচার্জ মো. আতিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, বোরো-২০২৬ সংগ্রহ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭,৭৮১ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ৭২,৬০২ মেট্রিক টন এবং আতপ চালের লক্ষ্যমাত্রা ৩,৮১১ মেট্রিক টন। ধানের সংগ্রহ মূল্য কেজিপ্রতি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এএন