সখীপুরে ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:৩০ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশনে’ ওজনে কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৫ লিটার তেলে ২৭০ গ্রাম এবং ১০ লিটার তেলে ৫৪২ গ্রাম পর্যন্ত কম দেওয়ার প্রমাণ মেলে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাপযন্ত্রে কারসাজির মাধ্যমে গ্রাহকদের ঠকানোর বিষয়টি ধরা পড়ে। পরীক্ষামূলকভাবে তেল পরিমাপ করে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ তেল কম দেওয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাদুজ্জামান রুমেল। তিনি জানান, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখীপুর ফিলিং স্টেশনের মালিককে আপাতত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে, দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন স্থানীয় গ্রাহকরা। একাধিক ভুক্তভোগী জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়িতে প্রত্যাশিত পরিমাণ তেল পাওয়া যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণ হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মনিটরিংয়ের অভাবেই এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল। তারা জোরদার তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএন