টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলীয় পদ ফিরে পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সখীপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
শাজাহান সাজু প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সখীপুর উপজেলা শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ২২ বছর তিনি জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, দলীয় হাই কমান্ডের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছিলেন। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে দেওয়া এক বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় দলীয় পদে ফিরে যাওয়ার সুযোগ চান।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ও তার পরিবার নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে এবং তিনি ১০ বার কারাবরণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ, উপজেলা ওলামা দলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল জুয়েল, সদস্যসচিব নাসির উদ্দিন এবং সখীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম জি