ময়মনসিংহের ভালুকায় ইট ভাঙা ট্রলিতে আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাজিম উদ্দীন (৪৫) নামে একজন নিহত হন। এই ঘটনায় ফারুক হোসেন নামে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এ আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন নেত্রকোনা পূর্বধলা উপজেলার পাইকুরা গ্রামের ইসমত আলীর ছেলে।
দুর্ঘটনার পর ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় বাসটি জব্দ করা হয় এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে বাসচালক সাইদ (৩৫) কে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, ময়মনসিংহগামী ইট ভাঙা ট্রলিতে বেপরোয়া গতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে নাজিম উদ্দীন ও ফারুক হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে।
এএন