ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে বেরিয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছিলেন নিলুফা বেগম। এ সময় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি কুশাডাঙ্গা রেলগেট এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কাছে আসতেই তিনি সেটির নিচে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনের সাথে ধাক্কায় তাঁর মাথা ও হাত থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ আসার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর