যুবদলের তিন নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সূত্র জানিয়েছে, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন এবং সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বুধবার জারি করা এক পত্রে বলা হয়, সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগগুলোর যথাযথ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে দাখিল করতে হবে।

এই তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত শেষ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনটি এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর