পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গরুর মালিককে খুঁজছে পুলিশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:০২ এএম

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় একটি মালিকবিহীন বকনা বাছুর উদ্ধার করেছে পুলিশ। পরে প্রকৃত মালিকের খোঁজে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে ভার্থখলা এলাকার পুরাতন পুলসংলগ্ন সড়কে ঘুরে বেড়ানো অবস্থায় স্থানীয়রা বাছুরটি দেখতে পান। পরে সেটিকে নিরাপদে রেখে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাছুরটির বয়স প্রায় এক বছর। এর গায়ের রং কালো। বর্তমানে প্রাণীটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাছুরটির প্রকৃত মালিক উপযুক্ত প্রমাণসহ দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করলে প্রয়োজনীয় যাচাই শেষে সেটি বুঝিয়ে দেওয়া হবে। এজন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ও ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, মালিকের সন্ধান পেতেই পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এএন