গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:০৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ডাইভারশন নামক স্থানে ওজোপাডিকোর একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে সংঘটিত এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি নামিয়ে ফেলে। সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে এলাকায় বিদ্যুৎ না দেখে বিষয়টি খেয়াল করেন। পরে ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোররা ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তামা খুলে নিয়ে গেছে।

স্থানীয় চায়ের দোকানদার নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে এসে দেখি দোকানে বিদ্যুৎ নেই এবং খুঁটিতে থাকা ট্রান্সফরমারটিও উধাও। গত ১০-১২ বছরে আমার দোকানে ৪-৫ বার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের এত কাছে এমন চুরিতে আমরা জানমালের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে রয়েছি।

ওজোপাডিকোর ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন জানান, গ্রাহকের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রান্সফরমারটির ভেতরের কয়েল ও তার নেই, শুধু খোলসটি পড়ে আছে। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসীর দাবি, মহাসড়ক সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত নিরাপত্তা জোরদার করা হোক এবং চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।

জেএইচআর