ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সদর দপ্তরের বিশেষ নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত এলাকায় এই বাড়তি সতর্কতা জারি করা হয়।
সীমান্তের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বর্তমানে টহল ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হিলি সীমান্তের সব বিওপি (বর্ডার আউটপোস্ট) ও চেকপোস্টগুলোকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে নিবিড় তল্লাশি। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে পুরো সীমান্ত এলাকায় সার্বক্ষণিক ডিজিটাল নজরদারি বজায় রাখা হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দপ্তর থেকে এই নির্দেশনা এসেছে।
তিনি বলেন, ভারত থেকে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা পুরো সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছি। টহল দলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।
দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি বদ্ধপরিকর বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি কর্তৃপক্ষ।
জেএইচআর