‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট।
দিবসের শুরুতে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে শহরের পাঁচুর মোড় এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রেড ক্রিসেন্ট ইউনিটের মিলনায়তনে আলোচনা সভা, আজীবন সদস্য পদ প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।
ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু (সিআইপি), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জয়পুরহাট ইউনিট স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানবসেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জেএইচআর