উপাচার্য

শিক্ষার্থীরাই বাউবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে এলএলবি (অনার্স) ৮ম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীদের ‘বিদায় অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শিক্ষার্থীরাই বাউবির প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি নবীন আইনজীবীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং কার্যক্রম এগিয়ে নিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ডিবেটিং ক্লাব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। তিনি শিক্ষার্থীদের সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের গড়ে তুলে সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এম আহমেদ হুসেইন ও পরিচালক মো. নাসির উদ্দিন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত আইনজীবীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেএইচআর