ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:৪০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রশাসনের এক ঝটিকা অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লালন শাহ সেতু সংলগ্ন ভেলকির পুল এলাকার হাইওয়ে পুলিশ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিন পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিনের নেতৃত্বে একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় ঈশ্বরদী থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা অনুযায়ী, নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে আটককৃত ব্যবসায়ী সঞ্জয়কে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর এলাকার স্বপন কুণ্ডুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে তিনি এই পলিথিন ঈশ্বরদী থেকে নিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত ৪০০ কেজি পলিথিন জনসমক্ষেই পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

জেএইচআর