কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন বর্তমান সরকারের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার দুপুরে মসজিদুল কোবা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত সরকারের সময়ে নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।
মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে কায়কোবাদ বলেন, “বিগত সরকারের প্রধান শেখ হাসিনা আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছিলেন। নির্বাচন করতে না পারি সেজন্য মামলাও দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি আজ আপনাদের সামনে মন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছি।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “গত এক যুগে কি কেউ ভেবেছিলেন যে আমি আবার দেশে ফিরতে পারব বা নির্বাচন করে মন্ত্রী হব?” এ সময় তিনি মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
মসজিদের অনুষ্ঠান শেষে বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সবুজের বিপ্লব ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাহমুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
জেএইচআর