চট্টগ্রামের লোহাগড়ার বিশিষ্ট আলেমেদ্বীন, শিক্ষাবিদ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকেলে আসরের নামাজের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মরহুম মাওলানা সরোয়ার কামাল আজিজী লোহাগড়ার পদুয়ার জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তার, দ্বীনি খেদমত এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি সাত মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, ভক্ত, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শনিবার দুপুর দুইটায় লোহাগড়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এম জি