টর্চের আলোয় রাতভর সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:০২ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। টানা প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ সহিংসতায় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষ মুখোমুখি অবস্থান নেয়, ফলে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে পরিণত হয়।

সংঘর্ষের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, শত শত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়াবাজার এলাকার খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে জমি কেনেন কোনাপাড়ার মোহাম্মদ আলী। তবে রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বাকবিতণ্ডা থেকে শুরু করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয়পক্ষ আবার সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মহাসড়কে আটকে পড়েন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করতে তিনি ঘটনাস্থলের দিকে এগোলে ইট-পাটকেলের আঘাতে আহত হন বলে জানা গেছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে যৌথ বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি রেজিস্ট্রেশন জটিলতা ও পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

এএন