সাজেক সড়কে অবরোধের ঘোষণা ইউপিডিএফের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৩০ পিএম

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালন করা হবে বলে জানিয়েছে তারা। সাজেকগামী গুরুত্বপূর্ণ এই সড়কসহ আশপাশের কয়েকটি পথেও কর্মসূচির প্রভাব পড়তে পারে।

ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত কর্মীর হত্যার বিচার ও প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়েছে।

শনিবার ভোরে জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তসংলগ্ন মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় গুলিতে নিহত হন হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে ওই ব্যক্তি। তিনি ইউপিডিএফের (প্রসিত) শুকনাছড়া এলাকার কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে শুকনাছড়া এলাকায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পুলিশ পেয়েছে। সংবাদ পাওয়ার পর সাজেক থানার অধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এম জি