দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দীর্ঘ দুই দশক পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।
সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২৭টি পদে দুটি প্যানেল একে অপরের মুখোমুখি হয়েছে। সাবেক দুই সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ও ফারুক হারুনের নেতৃত্বে একটি প্যানেল ‘মাছ’ প্রতীক নিয়ে লড়ছে। অন্যদিকে, নাসির উদ্দিন মিলন ও মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. শাহরিয়ার সজল ম্যাজিস্ট্র্রেরিয়াল দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ তদারকি করছেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১ হাজার ৮৬০ জন ভোটার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
জেএইচআর