রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ‘ধলতা’র নামে কৃষকদের কাছ থেকে ওজনে বেশি নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
অভিযান চলাকালে ওজনে অনিয়ম পাওয়ায় বহরপুর বাজারের ব্যবসায়ী তেজারত শেখকে ২ হাজার টাকা এবং সমাধিনগর বাজারের ব্যবসায়ী অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের ঠকিয়ে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্য নেওয়ার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি প্রদান করে বলেন, কৃষকের আনা পণ্যের সঠিক ওজনের ভিত্তিতেই মূল্য নির্ধারণ করতে হবে। ধলতা বা অন্য কোনো অজুহাতে ওজন বেশি নেওয়া সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অসাধু কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হাটের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জেএইচআর