রাঙ্গামাটির রাজস্থলীতে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে গাড়িতে থাকা চালকসহ মোট ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামারী বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থলী থেকে ইটের খোয়া নিয়ে গাড়িটি গামারী বাগানের একটি পাহাড়ের উপরে উঠছিল। খাড়া পাহাড়ে ওঠার সময় জিপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গাড়ির ওপরে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে আহত হন।
আহতরা হলেন- শৈহ্লাসাই মারমা (১৬), বোসিওয়ং মারমা (১৭), মংচসিং মারমা (১২), কৃষ্ণ কুমার (১৪), সাকিব তঞ্চঙ্গ্যা ও নুখ্যাইমং মারমা। আহতদের সবার ঠিকানা গাইন্দ্যা শিশু সদন এলাকায় বলে জানা গেছে।
রাজস্থলী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, বেলা সাড়ে ১১টার দিকে আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের সবাইকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাগ্রস্ত চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর